হোম » প্রধান সংবাদ » খালেদা জিয়া’র ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিএনপি

খালেদা জিয়া’র ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিএনপি

আওয়াজ অনলাইন : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো অপরাধই করেননি। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছে বিএনপি। বুধবার (৩০ জুন) জাতীয় সংসদে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার এ কথা জানান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যিনি (খালেদা জিয়া) কোনো অপরাধই করেননি, তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের হীনরাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে, যা ভ্রষ্টাচার ছাড়া কিছুই নয়।

বিএনপি’র এই নেতা বলেন, আমরা সরকারকে ছলচাতুরী ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর সুচিকিত্সার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পুনরায় আহ্বান জানাচ্ছি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিত্সার জন্য বিদেশে যেতে হলে আনুষ্ঠানিকভাবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আইন অনুযায়ী, খালেদা জিয়া’র বিদেশে যাওয়ার আর কোনো পথ খোলা নেই। আইনমন্ত্রীর এই বক্তব্যে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা এবং খালেদা জিয়া’র উন্নত চিকিত্সার ক্ষেত্রে সরকারের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতার বহিঃপ্রকাশ ঘটেছে। যদিও এর আগে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে নিয়ে যেতে আবেদন করা হলে আইনমন্ত্রী বলেছিলেন- ‘সরকার যে শর্তে তাঁকে মুক্তি দিয়েছে, সেই শর্ত শিথিল করলে খালেদা জিয়া’র বিদেশে যেতে আইনগত কোনো বাধা থাকে না। কিন্তু এর ২/১ দিন পরই তিনি ইউটার্ন নিয়ে বলেছেন- ‘সম্ভব নয়’ এবং এখন বলছেন- ‘ক্ষমা চাইতে হবে’। এগুলো সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং রাজনীতিকে নিয়ন্ত্রিত ও কলুষিত করার ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। যিনি কোনো অপরাধই করেননি, তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, কর্তৃত্ববাদী সরকার যখন যেটি মনে করে, তখন সেটি জনগণের ওপর চাপিয়ে দেয় এবং একই সংগে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। বেগম খালেদা জিয়া’র ক্ষেত্রেও তাই ঘটছে। আমরা আইনমন্ত্রীর সংসদে প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানাচ্ছি।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!