
আওয়াজ অনলাইনঃ দর্শনা হয়ে আজ থেকে দেশে ফিরবেন ভারত ভ্রমণকারীরা ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরার নির্দেশনা দিয়েছে সরকার। তারা আজ রোববার (১৬ মে) থেকে ভারতের গেদে চেকপোস্ট দিয়ে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট হয়ে ফিরতে পারবেন। তবে, ফেরার পর থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, আজ সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সার্বক্ষণিক তত্ত্ববধানে ভারত থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইন ক্যাম্পে পাঠাতে চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্টে স্বাস্থ্য, ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবির পাশাপাশি পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, নির্দেশনা অনুযায়ী দেশে প্রবেশকারীদেরকে চেকপোস্ট থেকে স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড টেস্ট শেষে শনাক্তদের সদর হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। বাকিদের নেওয়া হবে সরকারের নির্ধারিত চারটি কোয়ারান্টাইন সেন্টারে (টিটিসি, টিটিআই, যুব উন্নয়ন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল)। এসব সেন্টারে ৩২০ জনের জন্য বেড প্রস্তত করা হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, যারা প্রথম ধাপে আসছেন তারা সরকারের নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনা খরচে থাকতে পারবেন। তবে, খাবার খরচ নিজেদের বহন করতে হবে। এছাড়া কোয়ারেন্টাইন সেন্টারে আবাসন–সংকট দেখা দিলে আবাসিক হোটেলগুলো ব্যবহার করা হবে। এক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তাদের পছন্দের হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে এবং তার খরচ তাদেরই বহন করতে হবে, যোগ করেন মারুফ হাসান।
মহামারি আক্রান্ত ভারত থেকে চুয়াডাঙ্গা জেলা দিয়ে ভারত ভ্রমণকারী বাংলাদেশিদের প্রবেশকে কেন্দ্র করে চুয়াডাঙ্গাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন সরকারের এ নির্দেশনা সঠিকভাবে পর্যবেক্ষণ না করলে চুয়াডাঙ্গায় এই মহামারি ছড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২