
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলায় একাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা (ভিপি সম্পত্তি) বন্ধ করে সেখানে জোরপূর্বক ধর্মীয় প্রতিষ্ঠানের নামে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কয়ড়া ইউনিয়নের রাখালগাছা গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ প্রশাসনের বিভিন্ন দফতর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,রাখালগাছা গ্রামের মৃত কাজেম উদ্দিনের পুত্র মোঃ আব্দুল জলিল গংদের ১৫ টি পরিবার তাদের বাড়ি সংলগ্ন ভিপি সম্পত্তির রাস্তা দিয়ে যুগের পর যুগ চলাচল করে আসছে। এই রাস্তা দিয়ে কৃষি নির্ভর পরিবারগুলোর মাঠের ফসল সহ মালামাল আনা নেয়া সহ নিত্য চলাচল। এই রাস্তা ছাড়া পরিবারগুলোর চলাচলের বিকল্প কোন রাস্তাই নেই। সেই চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে জোড়পূর্বক পাকা বাউন্ডারি ওয়াল দিয়ে স্থাপনা নির্মাণ শুরু
করেছে একই গ্রামের প্রতিবেশি মোবারক হোসেন,সাকোয়াত হোসেন,রায়হান আলী,গঞ্জের আলী,আব্দুর রশিদ,মোঃ আশরাফুল, ইউসুফ আলী,লিফল আলী,গোলাম মোস্তফা। তারা পরিবারগুলোর চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান করা হবে ঘোষনা দিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে। রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে আব্দুল জলিল গংদের পরিবারগুলোর পক্ষে ১৯ জন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সহ প্রশাসনের বিভিন্ন দফতর বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ দায়ের প্রসঙ্গে কয়ড়া রাখালগাছা গ্রামের মোঃ আব্দুল জলিল জানান,রাখালগাছা মৌজার জেএল ১৫৫ এর আরএস খতিয়ান নং ২৮৬ আরএস দাগ নং ৮৭৩ অনুকুলে ১২ শতাংশ পতিত ভিপি সম্পতি রয়েছে। সেই সম্পত্তির একাংশ দিয়ে আমরা ১৫ টি পরিবার যুগ যুগ ধরে চলাচল করে আসছি। আমাদের গ্রামের উল্লেখিত প্রতিবেশি গংরা জোড়পূর্বক চলাচলের সেই রাস্তা বন্ধ করে পাকা বাউন্ডারি ওয়াল দিচ্ছে। সেখানে মাটি ফেলে ধর্মীয় প্রতিষ্ঠান করা হবে ঘোষনা দিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে । বিষয়টি আমরা গ্রামবাসী,স্থানীয় ইউপি
চেয়ারম্যানকে অবগত করেছি। কিন্তু কোন প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে প্রশাসনের বিভিন্ন দফতর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। উল্লেখিত সম্পত্তি ভিপি হলেও তারা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এতে আমাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এখন ইরি বোরো মৌসুম শুরু হয়েছে। আমরা মাঠের ফসল এবং মালামাল বাড়িতে আনতে পারবো না। আমাদের পরিবারগুলো বাড়ি থেকে বের হয়ে মূল সড়কে চলাচল করতে পারবে না। আমরা ভিপি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ এবং ১৫ টি পরিবারের চলাচলের রাস্তা সচল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া