হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

নারায়ণগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় র‌্যাব মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসির কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত

দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলায় মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে পণ্য বোঝাইকৃত কুমিল্লা হতে ঢাকাগামী একটি হলুদ রংয়ের ট্রাকে তল্লাশী করে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য পরিবহনে জড়িত থাকার অপরাধে সোহরাব হোসেন (২৮) ও রাসেল মাহাবুব (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। র‌্যাব

আরো জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সোহরাব হোসেন কুমিল্লার দেবীদ্বার থানার চরভাকর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে এবং রাসেল মাহাবুব একই জেলার বুড়িচং থানার জগৎপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তারা চলমান লকডাউনে পণ্যবাহী ট্রাক অবাধ চলাচলের সুযোগ কাজে লাগিয়ে ট্রাকযোগে চালক ও হেলপারের ছদ্মবেশে নিষিদ্ধ গাঁজা পরিবহন করছিল। এ সময় গোপন সংবাদের

ভিত্তিতে র‌্যাব এই অভিযান চালায়। গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পণ্য পরিবহনের আড়ালে গাঁজা পরিবহন করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসাই তাদের একমাত্র পেশা বলে তারা জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!