হোম » প্রধান সংবাদ » সোনারগাঁওয়ে হেফাজতের সহিংসতায় আরো তিন মামলা

সোনারগাঁওয়ে হেফাজতের সহিংসতায় আরো তিন মামলা

মো: কবির হোসেন, সোনারগাঁও নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গত শনিবার অবরুদ্ধ করার জের ধরে হামলা, ভাংচুর ঘটনায় হেফাজতের নেতাকর্মীদের আসামী করে আরো ৩টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি ও শুক্রবার দুপুরে দুটি মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন শুক্রবার দুপুরে দুটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) ইয়াউর রহমান।
গত শনিবার রাতে হেফাজত ইসলামের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাংচুরের অভিযোগে তার বাবা হাজী শাহ জামাল তোতার দায়ের করেন। এ মামলায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়। সোহাগ রনির বাবার দায়ের করা মামলায় হেফাজত ইসলামের কর্মী খালেদ সাইফুল্লাহ সাইফ, কাজি সমির, অহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)।
শুক্রবার বিকেলে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অহিদ তাবলীগ জামাতের সদস্য ও করোনায় কাজ করা এহসান পরিবারের সদস্য।

অপরদিকে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাংচুরের অভিযোগে ১২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামী করে গতকাল শুক্রবার মামলা দায়ের করেন। একই দিনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় সোনারগাঁও যুবলীগের প্রচার সম্পাদক নাছিরউদ্দিন বাদী অপর একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১১০ জনের নাম উল্লেখসহ আরো ৭০-৮০জনকে অজ্ঞাত আসামী করা হয়।

এর আগে মামুনুল কান্ডে পুলিশ বাদী হয়ে ২টি ও সাংবাদিককে মারধর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় ৮৩ জনের নাম উল্লেখ ও ৫০০ থেকে ৬০০ জনকে আসামী করা হয়।

সোনারগাঁও থানার ওসি মো, হাফিজুর রহমান বলেন, হেফাজতের সহিংসতার ঘটনায় আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট ৬ টি মামলা হয়েছে। এজহারভূক্ত মোট ১৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!