
ইকবাল মুন্না, সাতকানিয়াঃ সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। জীবন্ত এক মহিলাকে ওয়ারিশ সনদে বানিয়ে দিয়েছেন পুরুষ। তাঁর প্রদান করা ওই সনদে উল্লেখ ছিল, এলাকাবাসীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি নিশ্চিত করেছেন বাড়ু বিবি ও বাচু মিয়া একজন। ছোটকালে পিতা-মাতা আদর করে বাড়ু বিবিকে বাচা মিয়া নামে ডাকত।
এদিকে চেয়ারম্যানের এমন সনদ প্রদানে ভুক্তভোগী আরেক বাচা মিয়ার ওয়ারিশ সৈয়দ আহমদ অভিযোগ করেন বিভিন্ন জায়গায়। তার অভিযোগে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দৈনিক সকালের সময় পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি সৈয়দ আক্কাস উদ্দিন।
সরেজমিন খোঁজ-খবর নিয়ে গত ১৯ মার্চ ওই পত্রিকায় ‘মহিলাকে পুরুষ বানিয়ে ভুয়া ওয়ারিশ সনদ প্রদান’ শিরোনামে একটি প্রতিবেদন করেন। তার এমন প্রতিবেদনে ক্ষিপ্ত হয়ে এওচিয়া চেয়ারম্যান বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে আজ সোমবার (২২ মার্চ) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক সৈয়দ আক্কাসের বিরুদ্ধে একটি নালিশি মামলাও দায়ের করেন বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আক্কাস উদ্দিন বলেন, ‘এক বাচু মিয়ার সম্পদ দখল করতে আরেক মহিলাকে বাচু মিয়া নামে ওয়ারিশ সনদ প্রদান করায় সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে আমি সরেজমিন নিউজ করেছি। এতে ওই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি দিলে আমি সোমবার (২২ মার্চ) সাতকানিয়া থানায় হাজির হয়ে একটি জিডি করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) বিকেলে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি অভিযুক্ত চেয়ারম্যান আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে একটি নালিশ করেছেন। এ বিষয়টি নিয়ে আমার কোন অভিযোগ নেই। কারণ এটি পুলিশ তদন্ত করে সত্যতা যাচাই করে দেখবে। তবে এরকম একটি নালিশি মামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আমাকে ভীতি প্রদর্শন ও মানসম্মান ক্ষুণ্ণ করায়, আমি এবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির সংশ্লিষ্ট ধারায় মামলা করব।’
ভুক্তভোগী বাচা মিয়ার ওয়ারিশ সৈয়দ আহমদ বলেন, ‘আমার জমি দখল করতে চেয়ারম্যান কোন এক বাড়ু বিবিকে আমার নামে ওয়ারিশ সনদ প্রদান করেছে। আমি এই সনদ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে কোন সংযোগ পাওয়া যায়নি।
এদিকে সাতকানিয়ায় উপজেলায় কর্মরত একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা এবং হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়ার বেশ কয়েকজন সাংবাদিক৷ তারা বলেন, এরকম মামলা স্বাধীন গণমাধ্যমের উপর হুমকিস্বরূপ। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাতকানিয়া প্রশাসনের প্রতি আহবান জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান