
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামে। বর্তমানে তিনি বগুড়া সদরের সুলতানগঞ্জ এলাকায় থাকেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভি তিব্বতের মোড় সোনা মিয়া মোড় এলাকায় প্রতারণার উদ্দেশে ঘোরাফেরা করছিলেন। এমন সংবাদ পাওয়ার পর পুলিশ কর্মকর্তা সোহেল রানা সেখানে যান। পরে তাকে দেখে অভি আজেবাজে কথা বলতে থাকেন। এক পর্যায়ে প্রশ্ন করলে অভি নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক দাবি করেন। এ সময় তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি আসলে প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন।
এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় পেনাল কোড আইনের ১৭০/৪২০ ধারায় মামলা করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু