
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার ও এর আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ই ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের সময় থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ। অভিযানকালে উথলী বাজারের বেশকয়েকটি দোকানসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরিধান না করে জনসম্মুখে ঘোরাঘুরি করার অপরাধে দণ্ডবিধির ২৬৯ ধারায় বেশ কয়েকটি মামলায় প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাস্ক বিতরণের পাশাপাশি প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়। এর আগে সরকারি নিয়ম অমান্য করে প্রশাসনের কোনপ্রকার অনুমতি ব্যতীত ধানী জমি থেকে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলেও জমির মালিক, মাটি ক্রেতাসহ ঘটনার সাথে জড়িত সকলেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ধানী জমির মাঝখানে ৫-৬ ফুটের মতো গভীর গর্ত তৈরি করে মাটি কাটার কারণে আশেপাশের জমিগুলো বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এক্সকেভেটর মেশিনটি জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাস্ক পরিধান ব্যতীত ঘরের বাইরে বের হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি বিস্তার লাভের পথ সুগম করলে মোটা অংকের জরিমানার মুখোমুখি হতে হবে বলে সকলকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ। অভিযান পরিচালনায় বেঞ্চ সহকারীগণ এবং জীবননগর থানা পুুলিশের এসআই তায়েফুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২