
মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের হেল্প বহুমুখী সমবায় সমিতির মাঠকর্মী মিতা রাণী (৩০) মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। মিতা রাণী দীর্ঘদিন যাবৎ উথলী হেল্প বহুমুখী সমবায় সমিতির মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উথলী গ্রামের মালোপাড়ার শ্রী সুকেন কুমার রাজবংশীর স্ত্রী।
বুধবার (৭ই অক্টোবর) রাতের কোন এক সময় তিনি স্বপরিবারে বাড়িঘর বিক্রি করে পালিয়ে গেছেন। তবে তিনি কত টাকা নিয়ে পালিয়ে গেছেন এটা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ হেল্প সমবায় সমিতির কর্তৃপক্ষ প্রথমে ২২ লক্ষ টাকার কথা বললেও পরে ১০ লক্ষ টাকা নিয়ে মিতা রাণী পালিয়ে গেছে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে হেল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইমরান হোসেন বলেন, “উথলী গ্রামের মালোপাড়ার মিতা রাণী আমার ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান হেল্প বহুমুখী সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরে চাকুরি করে আসছিলেন। মিতা রাণী বিভিন্ন গ্রাহক এবং অত্র প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তার প্রতিবেশি ফরজ আলীর ছেলে সাইফুল ইসলামের নিকট বসতবাড়ি বিক্রি করে স্বামী শ্রী সুকেন কুমার রাজবংশী, মেয়ে শ্রাবন্তীসহ শ্বশুর, শাশুড়ি ও দেবরকে নিয়ে গতরাতে গ্রাম থেকে পালিয়ে গেছে”।
বৃহস্পতিবার (৮ই অক্টোবর) অভিযুক্ত রাণীর বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পায়নি হেল্প বহুমুখী সমবায় সমিতির কর্তৃপক্ষ। অর্থ আত্মসাৎকারীর প্রতিবেশীরা জানায়, মিতা রাণী বসতবাড়ি গোপনে মাত্র ২ লক্ষ টাকায় বিক্রি করে তাদের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে সবার অজান্তে গতরাতে গ্রাম থেকে পালিয়ে গেছে। এদিকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঋণ দেওয়ার কথা বলে জামানত হিসেবে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে মিতা রাণী পালিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ ঋণগ্রহীতারা। এছাড়া তিনি বিভিন্ন গ্রাহকের সাথে চক্তি করে তাদেরকে চাহিদার দ্বিগুণ পরিমাণ ঋণ পাইয়ে দিয়ে তাদের কাছ থেকে অর্ধেক টাকা নিজে নিয়েছেন এমন অভিযোগ ও উঠেছে। অন্যদিকে মোটা অঙ্কের টাকা খোয়া যাওয়াতে হতাশ হেল্প বহুমুখী সমিতি কর্তৃপক্ষ।
এলাকাবাসীর ধারণা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার প্রক্রিয়া করছে মিতা রাণী ও তার পরিবার। এর আগেও মিতা রাণী একাধিকবার অর্থ আত্মসাৎ করতে গিয়ে ধরা পড়লেও ম্যানেজার ঋণদান সংস্থার মালিকদের না জানিয়ে বিষয়টা মীমাংসা করে দিয়েছেন। ইতোমধ্যে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করেছে হেল্প বহুমুখী সমবায় সমিতির কর্তৃপক্ষ। সেইসাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ও চিন্তাভাবনা করছে তারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান