হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে স্কুলছাত্র কে পিটিয়ে হত্যা

ঈশ্বরদীতে স্কুলছাত্র কে পিটিয়ে হত্যা

মোঃ শহিদুল ইসলাম,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে হৃদয় খান (১৪) নামে এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত হৃদয় খান সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের ইসলামপাড়ার আব্দুল হালিমের ছেলে। প্রেমিকার স্বজনরা কৌশলে মোবাইলে হৃদয়কে ডেকে নিয়ে পিটিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

 

রবিবার দুপুরের দিকে ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, হৃদয় খানের সাথে সাঁড়াগোপালপুর তালতলা এলাকার খোদেজা খাতুন নামে এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার দু’জনের প্রেমের সম্পর্কের কথা জানাজানি হলে খোদেজার পরিবারের লোকজন রবিবার দুপুরে হৃদয়কে মোবাইলে কৌশলে ডেকে আনে। তারা বাড়ির পাশে বাঁশঝাড়ে হাত-পা বেঁধে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হৃদয়কে গুরুতর আহত করে। পরে অবস্থা বেগতিক দেখে হৃদয়কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।

 

নিহতের স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন জানান, প্রেমিকার স্বজনরা মোবাইলে কৌশলে হৃদয়কে ডেকে নিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হবে। ঘটনার পর হত্যাকারীরা পালিয়েছে। তবে আসামী গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!