হোম » প্রধান সংবাদ » রৌমারিতে ‘ইমার্জেন্সি ফার্স্ট এইড ফাউণ্ডেশন’-এর কার্যক্রম চলমান

রৌমারিতে ‘ইমার্জেন্সি ফার্স্ট এইড ফাউণ্ডেশন’-এর কার্যক্রম চলমান

রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি: মানবতার সেবায় ফার্স্ট এইড ফাউণ্ডেশন এক অনন্য নাম। নিতান্তই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ ফাউণ্ডেশন টেকনাফ হতে তেঁতুলিয়া অবধি দেশের প্রত্যন্ত অজপাড়াগাঁয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাধ্যমত খাদ্য বস্ত্র শিক্ষাবৃত্তি ও চিকিৎসাসেবা দান করে আসছে বিগত অর্ধযুগ ধরে। আমাদের রৌমারি উপজেলা তাদের ভালোলাগার অন্যতম এক তীর্থভূমি। রৌমারিকে নিয়ে তাদের সেবাদান কর্মসূচির স্থায়ী স্বপ্নও অনেক। ২০১৮ সাল হতে বিভিন্ন দূর্যোগ পরবর্তী নাজুক সময়ে এ রৌমারিতে সহায়তার সামগ্রী হাতে দেবদূতের ন্যায় এসেছিলেন ফাউণ্ডেশনের সভ্যরা। তাদের কর্মসূচিকে ফলপ্রসূ করতে স্থানীয়ভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে চলছে ‘রোকেয়া স্মৃতি পাঠাগার’, দাঁতভাঙ্গা, রৌমারি, কুড়িগ্রাম।

এবারের কর্মসূচীর অংশ হিসেবে ১২/০৯/২০২০ তারিখ সকাল ৮টায় দাঁতভাঙ্গা স্কুল এণ্ড কলেজ মাঠে চাল ডাল আলু লবণ তেল সমন্বিত খাদ্যসামগ্রীর প্যাকেজ ১৩০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রদান করা হয়। উক্ত তারিখ সকাল ১০টা হতে দিন ব্যাপী সরকার বাড়ি, পাড়ের চরে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন হয়।

এদিনে প্রায় ৩০০ মানুষের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে এই মানবিক সংগঠনটি। আজ ১৩/০৯/২০২০ ইং ডাঙ্গুয়াপাড়া রাবেয়া-কাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম চলমান রয়েছে। আগামীকাল তারা এ অঞ্চলে অসচেতন দুস্থ মহিলাদের মাঝে সচেতনতা মূলক আলোচনা শেষে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবেন বলে জানিয়েছেন ফাউণ্ডেশনের সম্পাদক জনাব শামসুদ্দোহা তাপস। এছাড়াও বন্যা কবলিত দরিদ্র পরিবারে নলকূপ ও ল্যাট্রিন সহায়তার কাজটিও চলমান রয়েছে। এবারের প্রতিটি কার্যক্রমে উপস্থিত রয়েছেন ফাউণ্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব অসীম মণ্ডল ও অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!