
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কদুর বাজার এলাকার চার সন্তানের জননী গৃহবধূ লাকি বেগমের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। লাকি বেগমের বাবা-মা ও এলাকাবাসির দাবি নির্যাতন, মারধর করে হত্যার পর লাশ পাশের ঘরের বাঁশের ধর্নায় ঝুলিয়ে রেখে স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি রাতারাতি পালিয়েছে।
জানা গেছে, প্রায় ১৮ বছর আগে উপজেলার ওই এলাকার তবিবর রহমানের ছেলে রাজমিস্ত্রি শাহিনের সাথে লাকি বেগমের বিয়ে হয়। গৃহবধূর বাবা আফতার হোসেন ও মা মালেকা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে যৌতুকের জন্য মেয়েকে প্রায়ই মারপিট করতো শাহিন। এর আগে বেশ কয়েকবার গ্রাম্যসালিশ মেনে মেয়েকে পাঠানো হয়। সর্বশেষ দুই মাস আগে পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি ও ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান বিচার-সালিশ করে লাকি বেগমকে তার স্বামীর বাড়িতে নিয়ে আসেন।
এরপর থেকে নির্যাতন আরও বৃদ্ধি পায় বলে দাবি করেন গৃহবধূর বাবা আফতার হোসেন ও মা মালেকা বেগম। তারা বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনে-রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। লাকিকে মারধর ও নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী শাহিন, শ্বশুর তবিবর রহমান, শ্বাশুড়ি শাহিদা বেগম শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালের আগে পালিয়ে গেছে।’
লাকি বেগমের মেয়ে কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জানান, আগেরদিন রাতে বাবা-মায়ের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। সকালে মা’কে ঝুলানো অবস্থায় দেখি। একাধিক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানায়, তাদের পরিবারের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। শাহিন বটি, ছুড়ি নিয়ে লাকিকে ধাওয়া করত। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আবারও তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। লাকি অনেক নির্যাতন সহ্য করে সংসার করছে। তার আত্মহত্যা করার কথা নয়।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল বলেন, এলাকার লোকজনের মুখে শুনেছি গৃহবধূ লাকিকে প্রায় শাহিন মারপিট ও নির্যাতন করত। এটা একটা অপরাধ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হাফিজ বলেন, লাকি বেগমের বাবা বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ