
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের রাস্তায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ২ গ্রামের ৪ সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী এলাকাবাসী বুধবার জরুরী ভিত্তিতে সড়ক মেরামতের দাবী জানিয়ে উপজেলা প্রকৌশলী বরাবরে আবেদন করেছেন।
জানা গেছে, ২৯ ও ৩০ আগস্টের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিকড়ী ছড়া প্লাবিত হয়। এতে সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের ব্যাপক এলাকা ঢলের পানিতে তলিয়ে যায়। বন্যার পানির প্রবল স্রোতে পানিধার-মুছেগুলের এলজিইডি রাস্তায় ব্যাপক স্থানে ভাঙ্গন দেখা দেয়। হিনাইনগর বালিছড়া জামে মসজিদের সামনের ৪০ ফুট রাস্তা, মুছেগুল গ্রামের নজরুল ইসলাম নজরুলের বাড়ির পশ্চিম পার্শের রাস্তা ও একটি কালভার্ট ঢলের পানিতে ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায়। এতে দুই গ্রামের মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা ও জুনেদ আহমদ, নজরুল ইসলাম, লাল মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল কাদির প্রমুখ জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তার বিভিন্ন জায়গা ভেঙ্গে যাওয়ায় হিনাইনগর ও মুছেগুল গ্রামের লোকজন উপজেলা সদরে যাতায়াত করতে পারছেন না।
উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া জানান, এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা মেরামতের জন্য বুধবার দুপুরে একটি আবেদন পেয়েছেন। তিনি একজন উপ-সহকারী প্রকৌশলীকে সরেজমিনে তদন্তে পাঠিয়েছেন। যত দ্রুত সম্ভব এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান