হোম » প্রধান সংবাদ » রূপসায় শসার বাম্পার ফলন

রূপসায় শসার বাম্পার ফলন

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় এবছর শসার বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন গ্রামের মৎস্য ঘেরের পাড় থেকে শুরু করে গ্রামের রাস্তার পাশে বিস্তীর্ণ বিল জুড়ে শুধুই সবুজে ঘেরা শসা ক্ষেত। এছাড়া স্থানীয় বাজার ও আড়ৎতে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
রূপসা কৃষি অফিসের সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রায় ২শ’ হেক্টর জমিতে এবছর শসা চাষ হয়েছে। তবে ৫নং ঘাটভোগ ইউনিয়নের গ্রামগুলোতে সবচেয়ে বেশি জমিতে শসা চাষ হয়েছে। ঘেরের পাড়ে শসা চাষ করে কম সময়ে অধিক ফলন ও ভালো দাম পেয়ে এসব গ্রামের কৃষকরা দারুণ খুশি।
রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের শসা চাষি নূরু শেখ বলেন, এবছর ঘেরের পাড়ে এক বিঘা জমিতে শসা চাষ করেছি। এতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে ১ শ’ মণ (প্রতি মণ ৪ শ’ টাকা দরে) স্থানীয় আড়তে পাইকারি ব্যবসায়ীদের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছি। আরো প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো বলে আশা করছি।
পুটিমারি গ্রামের কৃষক মিজান মুন্সি জানান, ঘেরের পাড়ে এক বিঘা জমিতে শসা চাষ করতে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। ৪ শ’ টাকা মণ দরে এপর্যন্ত ৭০ মণ শসা ২৮ হাজার টাকায় বিক্রি করেছি। এরকম দাম থাকলে আরো ৪০ থেকে ৫০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো বলে মনে করছি।
শসা চাষি প্রদীপ বিশ্বাস জানান, মৎস্য ঘেরের পাড়ে ৪ বিঘা জমিতে এ বছর গ্রীন লাইন জাতের শসা চাষ করেছি। এতে বীজ, সার, মাচা তৈরি, শ্রমিক ও কীটনাশক বাবদ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। স্থানীয় আড়তে পাইকারি ব্যবসায়ীদের কাছে ৪ শ’ টাকা মণ দরে ৩ শ’ মণ শসা ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছি। আরো এক থেকে দেড় লাখ টাকার শসা বিক্রি করতে পারবো বলে আশা করি।
প্রদীপ বিশ্বাস আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার শসার ফলন ভালো হয়েছে এবং দামও ভালো পাচ্ছি। রূপসা উপজেলার আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে শসা চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া সহ সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। আমি এই ব্লকের দায়ীত্বে থাকার সুবাদে প্রায় প্রতিদিন শসা চাষীদের খোঁজ-খবর নিচ্ছি।
এ ব্যাপারে রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান বলেন, অন্যান্য ফসলের তুলনায় মাছের ঘেরের পাড়ে শসা চাষ লাভজনক হওয়ায় এ উপজেলায় দিন দিন শসা চাষ বৃদ্ধি পাচ্ছে। ঘেরের পাড়ে কম খরচে শসা চাষ করে লাভবান হওয়ার জন্য এ উপজেলার প্রতিটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ চাষিদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে চলেছেন।
তিনি আরও বলেন, এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে এসব কৃষকদের প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ফলশ্রতিতে এবছর কৃষকেরা ঘেরের পাড়ে শসা চাষ করে আশাতীত ফলন পেয়ে লাভবান হয়েছেন। এতে কৃষকের মধ্যে ঘেরের পাড়ে শসা চাষে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আগামীতে মাছের ঘেরের পাড়ে আরও বেশি করে শসা চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!