
আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরের অন্যতম শিল্প উন্নত গণবসতিপূর্ণ এলাকা হচ্ছে এমসি বাজার। শিল্পের পাশাপাশি এখানে গড়ে উঠেছে বিভিন্ন স্কুল এবং কলেজ। কিন্তু এতো কিছু থাকার পরেও এখানে নেই কোন ফুটওভার ব্রিজ।এমনকি জেব্রা ক্রসিং নেই এখানে যার ফলে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে এবং বিভিন্ন কারখানার শ্রমিকরা এক রকম ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছে।
এমসি বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এখানে রাস্তা পারাপারের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।এতে কখনো মানুষ প্রাণে মারা যাচ্ছে আবার কখনো বরণ করেছেন পঙ্গুত্বকে। মহাসড়কের পাশে এমসি বাজারে পথচারীদের দুর্ঘটনা এড়াতে বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।
ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া, বাঘের বাজার, ১নং সিএন্ডবি বাজার,নয়নপুর বাজার,জৈনা বাজার যেমন গুরুত্বপূর্ণ স্থান তেমনি ঝুঁকিপূর্ণ স্থান এমসি বাজার বাসস্ট্যান্ড। ব্যস্ততম এই স্থানে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করছেন। মহাসড়কের রাস্তার দুই পাশে রয়েছে প্রায় সরকারি-বেসরকারি কিন্ডারগার্টেনসহ ১৫ টি স্কুল,,মসজিদ মাদ্রাসা, গার্মেন্টস ফ্যাক্টরি, শপিংমল, সমিতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিনের চাহিদা মেটাতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন জনগণ।
প্রতিদিন এই বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করছে আশেপাশের প্রায় ২০-২৫টি গ্রামের সাধারণ নারী-পুরুষ।পারাপার হচ্ছে স্কুল-কলেজগামী শিশু-কিশোররা। জানা গেছে,২০১৭ সালে উপজেলার মুলাইদ এলাকার আলমগীর হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় কভার ভ্যানের ধাক্কায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ২০১৮ সালে মুক্তিযুদ্ধা এবি সিদ্দিক মৃধার স্ত্রী বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। হাজি হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করে রাস্তা পারাপার হওয়ার সময় পিকআপভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন।
ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাক মারাত্মকভাবে আহত করে এবং পঙ্গুত্ব বরণ করছে। এসএসসি পরীক্ষার্থী জিয়ান পরীক্ষা শেষে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ডান হাত ভেঙে যায়। শিমুল নামের নবম শ্রেণির শিক্ষার্থী রাস্তা পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।মাওনা এলাকার হুমায়ুন কবির, খালেদ খান,২০১৮ সালে মারাত্মকভাবে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। সড়ক দুর্ঘটনায় নিহত হয় হাজি ছোট কলিম উচ্চ বিদ্যালয় তিন শিক্ষার্থী। পোশাক শ্রমিক আক্কাস আলী, মাওনা এলাকার আংগুরির মা। এবং দুই দিনের মাথায় এমসি বাজার বাসস্ট্যান্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পা হারিয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন এক গার্মেন্টস শ্রমিক। এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।
স্থানীয়রা জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চার লেন হওয়াই রাস্তাটি আগের চেয়ে অধিক প্রশস্ত । কিন্তু বৃহৎ এই প্রশস্ত অংশে নেই কোনো ফুটওভার ব্রিজ এমনকি নেই পথচারীদের রাস্তা পারাপারের জেব্রাক্রসিং।সুতরাং এমন ব্যাস্ত এলাকায় একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।
হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার বাস স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বাসস্ট্যান্ডের ২০০ গজ পশ্চিমে হাজি ছোট কলিম উচ্চ বিদ্যালয় অবস্থিত।এখানে পিএসসি জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। এখানে প্রতিবছর পরীক্ষার সময় প্রায় ৫ থেকে ৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই বাসস্ট্যান্ডের আশেপাশে সরকারি বেসরকারি সহ প্রায় ১৫ টি স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা হবে প্রায় ১০ হাজারের মতো।
এখানে মহাসড়কের ওপর কোন ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ দৈনিক জীবিকার প্রয়োজনে বের হওয়া হাজার হাজার মানুষ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।এখানে একটি ফুটওভারব্রিজ অত্যন্ত প্রয়োজন। বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে এবং প্রশংসনীয় ভুমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের কথা ভেবে জরুরী ভিত্তিতে এমসি বাজার নামক স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২