
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী মোঃ আবু ছাইদ এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জানা যায়, উপজেলার কোলা ইউপি’র চকতাহের গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে আবু ছাইদ ছোট বেলা থেকেই চোখে ভালো দেখতে পায় না। অভাবের সংসারে তার পিতা তাকে দেখাশুনা না করলে ছোট বেলা থেকে ছাইদ দৃষ্টি স্বল্পতা নিয়েই ভ্যান চালিয়ে সংসার চালাতো।
ইদানিং তার দৃষ্টিশক্তি আরো কমে গেলে ভ্যান চালানো ছেড়ে ছোট্ট পরিসরে কয়েক কেজি আলু ও কিছু শাকসবজি নিয়ে চকতাহের মোড়ে ব্যবসা করার চেষ্টা করেন। কয়েকদিন পূর্বে বদলগাছীর জনদরদী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির দেখতে পান একজন দৃষ্টিপ্রতিবন্ধী লোক হাতের ইশারায় কাজকর্ম করছেন। সাথে সাথে গাড়ি থেকে নেমে তিনি ঐ দৃষ্টি প্রতিবন্ধী লোকের সকল তথ্য জেনে তাকে তার ইচ্ছানুযায়ি সবজি ব্যবসায় প্রতিষ্ঠিত করার আশ্বাস দেন।
তারই ধারাবাহিকতায় ১১ আগষ্ট বেলা ১১ টায় সাইদকে তার ব্যবসা পরিচালনার জন্য নগদ টাকা, ক্যাশ বাক্স, দাঁড়ি পাল্লা, আলু, পটলসহ অন্যান্য সবজি ও সবজি রাখার উপকরণ প্রদান করেন। কয়েকদিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির আধাইপুর ইউপি’র বিষ্ণুপুর গ্রামের এক অসহায় দরিদ্র বৃদ্ধ মোসলেম উদ্দীনকে মুদির দোকান উপহার দেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ছাইদকে তার ব্যবসায় পরিচালনার জন্য উপজেলা প্রশাসন থেকে নগদ টাকাসহ ব্যবসার প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয় যাতে জীবনের ঝুঁকি নিয়ে তাকে আর ভ্যান চালাতে না হয়। সেই সাথে সমাজসেবা অফিস থেকে তার প্রতিবন্ধী ভাতা এবং তার গর্ভবতী স্ত্রীর জন্য মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করে দেয়া হবে। ছাইদ এর বাসস্থান না থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একটি বাড়ির ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী ছাইদের দোকান থেকে নেওয়ার জন্য স্থানীয়দের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শেখ শফিউদ্দীন, কোলা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, সাংবাদিকবৃন্দ সহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২