হোম » আইন-আদালত » ৫০ বছর ভালোভাবে বাঁচতে দুই সপ্তাহ ঘরে থাকুন: ড. বেনজীর আহমেদ

৫০ বছর ভালোভাবে বাঁচতে দুই সপ্তাহ ঘরে থাকুন: ড. বেনজীর আহমেদ

আওয়াজ অনলাইন : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দুই সপ্তাহ খুব বেশি সময় না। দুই সপ্তাহ ঘরে থাকুন, তাহলে আপনি ৫০ বছর বাঁচতে পারেন। নিজের জীবনকে নিজে সুরক্ষিত রাখুন। মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন কি-না, সেই সিদ্ধান্ত আপনার নিজের।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, ‘নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে অ্যাটাক (আক্রমণ) করবেন, এটা ঠিক নয়। দয়া করে এ কাজগুলো করবেন না। আসুন, সবাই মিলে দেশটাকে রক্ষা করি। দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে।’

আইজিপি বলেন, ‘বর্তমানে আমরা করোনা অতিমারির ক‌ঠিন বাস্তবতার মধ্য দিয়ে ‌যা‌চ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই দুর্যোগও মোকাবিলা করতে পারব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

আইজিপি বেনজীর বলেন, ঢাকা শহরে প্রায় ৪০ লাখ পরিবার বসবাস করে। প্রত্যেক পরিবার থেকে যদি এক প্লেট করেও খাবার দেওয়া হয় তাহলে ৪০ লাখ মানুষ খাবার পাবে। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলো আমাদেরই কমিউনিটির অংশ। তাদেরকে সঙ্গে নিয়েই বাঁচাতে হ‌বে। পাশে দাঁড়াতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা বাঁচতে পারব।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিম উদ্দিন।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!