
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হানিফ শেখ (২৫), মোঃ সিরাজুল ইসলাম (২৬) ও মোঃ শাকিল সিকদার (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এর আগে মঙ্গলবার রাতে পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের ৩জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রেলওয়ে কলোনী মহল্লার বিল্লাল শেখের ছেলে মোঃ হানিফ শেখ (২৫), একই মহল্লার মৃত ময়নাল শেখের ছেলে মিরাজুল ইসলাম (২৬) ও মোঃ শাকিল শিকদার। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট ২টি মোবাইলসেট ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানার মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী