
আওয়াজ অনলাইন: দুই সৌদি মহাকাশচারী প্রথমবারের মতো একটি ব্যক্তিগত মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণ করতে যাচ্ছেন। আর তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের এক নারী, যিনি হবেন মহাকাশে যাওয়া প্রথম আরব নারী।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটটি উড্ডয়ন করার কথা রয়েছে।
প্রথম আরব নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাভি একজন স্তন ক্যান্সার গবেষকও। এই যাত্রায় তাকে সঙ্গ দেবেন ফাইটার পাইলট আলী আল-কারনি।
সোমবার আইএসএসে পৌঁছে এই দুজন নাসার মহাকাশচারী পেগি হুইটসন এবং মার্কিন পাইলট জন শফনারের সাথে প্রাইভেট স্পেস কোম্পানি অ্যাক্সিওম স্পেস আয়োজিত একটি মিশনে যোগ দেবেন।
বার্নাভি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম সৌদি নারী মহাকাশচারী হিসেবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করা একটি দুর্দান্ত আনন্দ এবং সম্মানের বিষয়, যা করতে পেরে আমি খুব খুশি।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, দলটি ‘মাইক্রোগ্রাভিটি পরিবেশে মানব গবেষণা, কোষ বিজ্ঞান এবং ক্লাউড সিডিং পরীক্ষার’ উপর দৃষ্টি নিবদ্ধ করে ১৪টি পরীক্ষা চালাবে।
বারনাভি বলেন, তিনি সৌদি তরুণদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ।
তারা যখন প্রথমবারের মতো তাদের নিজস্ব অঞ্চল থেকে মহাকাশচারীদের দেখবে, তখন তাদের মুখ দেখতে পারা খুবই রোমাঞ্চকর হবে, বলেন তিনি।
মিশনটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর একটি অংশ। এটি একটি সংস্কার কর্মসূচি যা তেলের উপর দেশটির নির্ভরতা কমাতে এবং সৌদি তরুণদের জন্য চাকরি তৈরি করার আশা করে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক