
গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাগবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। এ ঘটনার পর ভলোদিমির জেলেনস্কি এখনও মার্কিন-ইউক্রেন খনিজ চুক্তিতে ‘স্বাক্ষর করতে প্রস্তুত’ বলে জানিয়েছেন।
বিবিসির লরা কুয়েনসবার্গের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কিত বৈঠক সত্ত্বেও তিনি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গঠনমূলক সংলাপ’ করতে ইচ্ছুক।
তিনি আরো জানিয়েছেন, ‘আমি কেবল চাই ইউক্রেনের অবস্থান শোনা হোক।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই আমাদের অংশীদাররা মনে রাখুক, এই যুদ্ধে আগ্রাসী কে।’
ট্রাম্প প্রশাসনের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হস্তান্তরকে কেন্দ্র করে যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক টানাপোড়েনপূর্ণ হয়ে ওঠে, তখন খনিজ চুক্তিটি দুই দেশের মধ্যে আরো নিরাপত্তা সম্পর্ক স্থাপনের দিকে একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু ওভাল অফিসে সংবাদমাধ্যমের সামনে জেলেনস্কি, ট্রাম্প এবং মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে তীব্র তর্ক-বিতর্কের পর ইউক্রেনীয় নেতাকে চুক্তি স্বাক্ষর না করেই চলে যেতে বলা হয়।
এদিকে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ইউরোপ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। একটি বিষয়ে সকলেই একমত, সকলেই শান্তি চায়। সেই কারণেই আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দরকার। এটাই ইউরোপের অবস্থান।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা আমেরিকাকেও গুরুত্ব দিই। তাদের কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। তার জন্য আমরা কৃতজ্ঞ। ইউক্রেনের প্রতিরোধ পুরোটাই তার বন্ধু দেশগুলোর সাহায্যের ওপর নির্ভরশীল। সেই সাহায্য তারা করছে ইউক্রেন এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে। আমরা শান্তি চাই। বিরামহীন যুদ্ধ চাই না। নিরাপত্তার নিশ্চয়তা এই শান্তির চাবিকাঠি।’
সূত্র: বিবিসি

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প