হোম » প্রবাস » প্রবাসী শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন কনকচাঁপা

প্রবাসী শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন কনকচাঁপা

আওয়াজ অনলাইন: বাংলাদেশের প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। তার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে শোনা যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  বেশ সরব এই শিল্পী। 

আর আজ সোমবার (১ মে) মে দিবসে শ্রমিকদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ফেসবুক পোস্টে কনকচাঁপা লেখেন, ‘ইউএস এ থেকে একলা একলা ফিরছিলাম। এতো চেষ্টা করলাম হ্যন্ড লাগেজ ছোট রাখতে, পারলামই না। এতো বাক্সপেটরা দু’হাতে ও কাঁধে, মনে হচ্ছিল কোনো গ্রাম থেকে কাজ করার জন্য ট্রেনে করে ঢাকা আসছি।’

নিজের কষ্টের কথা ব্যক্ত করে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘দুবাইয়ে ৯ ঘণ্টা ট্রানজিট, এর মধ্যে লাউঞ্জের প্লাটিনাম কার্ড হারিয়ে ফেলে নাজেহাল অবস্থা। দুবাই নেমে বোকার মতো জুবুথুবু হয়ে ট্রলি ঠেলছি, হঠাৎ এক জোড়া চোখ আমাকে অনুসরণ করে সামনে এসে দাঁড়াল, ম্যাডাম, সালাম,আপনি তো আপনিই নাকি? আমি হেসে বলি হ্যাঁ আমি আমিই।’

কণ্ঠশিল্পী আরও লেখেন, ‘আমি এতোই  ক্লান্ত যে আমাকে চেনা আসলেই কষ্ট। ছেলেটি দুবাই এয়ারপোর্টে কাজ করে। আমার সব দুরাবস্থার কথা শুনে বলল চিন্তা করবেন না আমি ব্যবস্থা করছি। এরপর আরও কয়েকজন এসে গেল। তাদের  বিস্ফারিত নয়নে শ্রদ্ধা ভালবাসা ঝরে পড়ছে। একটা জায়গায় আমাকে তারা বসাল। বলল, এ জায়গাটা মারহাবা লাউঞ্জের মতই নির্জন।

আপনি এখানে আরাম করে বসেন। সামনে নামাজের জায়গা আছে। আমরা খাবার এনে দেই। না করতে করতেই তারা অনেক খাবার জুস পানি এনে দিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না। আমরা যথাসময়ে এসে একেবারে ফ্লাইটে উঠিয়ে দিয়ে আসব। আমি বারবার বলছিলাম আমি পারব, ওরা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেনা। আমি বললাম ছবি তুলবে তোমরা?হাঁফ ছেড়ে বেঁচে হেসে দাঁড়িয়ে গেল। বলল সাহসই পাচ্ছিলাম না।’

 শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কনকচাঁপা বলেন, ‘আমি বললাম শোনো তোমরা আমার দেশের সোনার ছেলে। নিজেদের অজান্তেই দেশের জন্য অকাতরে কাজ করে দেশের উন্নতি করে যাচ্ছো।

আজ আমিই তোমাদের সাথে ছবি তুলব, আস, দাঁড়াও। তোমাদের সাথে একাত্বতা জানাতেই, তোমাদের ভালবাসা জানাতেই, তোমাদের কৃতজ্ঞতা জানাতেই এই আমি কনকচাঁপা নিজেকে তোমাদের কাতারে দাঁড়াতেই কন্ঠশ্রমিক পরিচয় দেই ভালবেসে। আমি তোমাদের ভালবাসি বাবা। আল্লাহ তোমাদের কাজ সহজ করে দেক, প্রবাস জীবন আরামের করে দেক। আশীর্বাদ বাবারা!’

‘আজ এই মে দিবসে পৃথিবীর সমস্ত শ্রমিকদের জন্য রইল এই কন্ঠশ্রমিক এর হৃদয় থেকে উৎসারিত ভালবাসা ও লাল সালাম ও মায়ের দোয়া’, স্ট্যাটাসে উল্লেখ করেন এই কণ্ঠশিল্পী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!