
সিঙ্গাপুরে কাজে কর্মরত অবস্থায় মোবাইল ক্রেনের ফিতা ছিড়ে জয়দেব মালাকার (৩৬) নামে এক বাংলাদেশী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশী সময় দুপুর তিনটার দিকে সিঙ্গাপুরের এসএইচ ডিজাইন ও বিল্ড (কোম্পানি) বেনোই সেক্টর এলাকায় কাজ করার সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দেব মালাকার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা ও পিতা জগদিস মালাকারের জেষ্ঠ্য পুত্র বলে জানা গেছে। মৃত্যুর খবর শুনে বৃদ্ধ পিতা ও তাঁর পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন।
নিহতের সহকর্মী মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের প্রবাসী তারেক মাহমুদ মুঠোফোনে জানান, শুক্রবার দুপুর তিনটার দিকে কোম্পানির মালামাল উচুঁ বিল্ডিংয়ে লোড-আনলোড করার সময়ে মোবাইল ক্রেন ফিতা ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জয়দেবের মৃত্যু হয়।
তার মরদেহ দেশে পাঠাতে সময় লাগবে বলে জানান প্রবাসী তারেক মাহমুদ।
প্রতিবেশী বাবু বিজয় মাষ্টার জানান, জয়দেব প্রবাস জীবন সিঙ্গাপুরে ১০ বছর শেষ করে দেশে আসেন এবং পরে সিঙ্গাপুরে গেছেন আরও ২ বছর হলো। তার স্ত্রী এবং দুই পুত্র সন্তান রয়েছে।
মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবদুল রব কারী বলেন, আমার ১নং ওয়ার্ডের বাসিন্দা জগদিস মালাকারের বড় ছেলে এক দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গেছে। খবরটা শুনে খুব খারাপ লাগছে। পরিবারের উন্নতি ও জীবিকার তাগিদে সে কয়েকবার বিদেশে যায়। এখন কফিনবন্দি হয়ে ফিরতে হবে তাকে।
মরদেহ দেশে আনতে ইউনিয়ন পরিষদের কোন সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে বলে জানান এই ইউপি সদস্য।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
ড. মুনাওয়ার মাহমুদ ছহুল এর পরলোক গমনে বনানী গ্রীন সোসাইটির শোক প্রকাশ
লেবাননে প্রবাসীরা নিবন্ধন করে না ফিরলে দায় তাদের: দূতাবাস
লেবানন থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি, মঙ্গলবার ফিরবেন আরও ৩২ জন