
রায়হান আলীঃ সারাদেশে বিরোধী দলের ডাকা চলমান হরতাল অবরোধের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খিরার বাজার ধ্বস নেমেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলনবিলের কৃষকদের নিয়ে চরবর্ধনগাছা ও চাকসা খিরার আড়ত গড়ে উঠেছে।
এবছার দাম পড়ে গেছে অস্বাভাবিক। ক্রেতা কমেছে গেছে অনেক। খিরা উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীরা উভয়ই লোকসান গুনছেন। প্রতিবছর নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত খিরা উৎপাদনের মৌসুম। প্রতি মৌসুমের শুরুতে সিরাজগঞ্জের প্রধান খিরার বাজার উল্লাপাড়ার চর বর্ধনগাছা এবং চাকসা আড়তে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা মন দরে খিরা বিক্রি হয়ে থাকে। অথচ এবছর হরতাল অবরোধের কারণে খিরা বিক্রি হচ্ছে ৭শত থেকে ৮ শত টাকা মন দরে। এই দুটো আড়ত থেকে খিরা মৌসুমে প্রতিদিন ৭০ থেকে ৮০ ট্রাক খিরা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা,বরিশাল সিলেটসহ বিভিন্ন স্থানে যায়। কিন্তু এবছর বাহিরের ক্রেতারা না আসতে পারায় ৩০ ট্রাক খিরাও এলাকার বাহিরে পাঠানো সম্ভব হচ্ছে না।
স্থানীয় খিরা চাষী নূর নবী, আল মাহমুদ ও সোহেল রানা জানান, তারা প্রতিবছর ৫ থেকে ১০ বিঘা জমিতে খিরা চাষ করে থাকেন। মৌসুমের শুরুতে চর বর্ধনগাছা আড়তে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে খিরা বিক্রি করেন। কিন্তু এ বছর খিরার দাম নেমে এসে ২০ থেকে ২৫ টাকা কেজি। ফলে এবার তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।
চট্টগ্রামের খিরা ব্যবসায়ী শফিউল আলম জানান, তিনি প্রতিবছর চর বর্ধনগাছা আড়ত থেকে একাই ১০ থেকে ১৫ ট্রাক খিরা কিনে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় পাঠাতেন। এবছর অবরোধ হরতালের কারণে তিনি ট্রাক ভাড়া না পাওয়ায় খিরা কিনতে পারছেন না। দুই একটি ট্রাক পাওয়া গেলেও অবরোধের কারণ দেখিয়ে ট্রাক চালকেরা দ্বিগুণ ভাড়া চাচ্ছেন। যেখানে ভাড়া ১৫ হাজার টাকা সে তারা হাঁফেন ৩০ হাজার টাকা।
চট্রগ্রামের ট্রাক চালক সোহেল রানা জানান, একটি ট্রাকের মূল্য অনেক। তারা ঝুঁকি নিয়ে রাস্তায় চলেন। যেকোন সময় তাদের ট্রাকে আগুন দেওয়া হতে পারে। এ অবস্থায় তারা বেশি ভাড়া না হলে এই ঝুঁকি নিতে চান না।
চর বর্ধনগাছা খিরার আড়তের ইজারাদার রমনজান আলী জানান, এবছর বাজারে খিরার প্রচুর আমদানি থাকলেও ক্রেতা অভাবে গেল বছর গুলোর তুলনায় দাম অর্ধেকে নেমে এসেছে। হরতাল অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনা অঞ্চলের খিরা ব্যবসায়ীরা এখানে আসছেন না। ফলে স্থানীয় ক্রেতারা কম দামে খিরা কিনে নিয়ে পার্শ^বর্তী এলাকায় বিক্রি করছেন। এতে স্থানীয় খিরা চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এবছর উল্লাপাড়ায় ৩৫০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। প্রতি হেক্টরে খিরা উৎপাদিত হচ্ছে ২১ মেট্রিক টন। উল্লাপাড়ায় খিরা চাষীরা এবার আগাম খিরা উৎপাদন করেছেন। প্রতি হেক্টরে খিরা চাষে কৃষকদের খরচ পড়ে ৭৫ হাজার থেকে ৮০ হাজার টাকা। এবছর হরতাল অবরোধের কারণে খিরার দাম খুব কমে যাওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক