হোম » অপরাধ-দুর্নীতি » করিমগঞ্জে টিসিবির ডিলারকে মারধরের ঘটনায় মামলা, দুই ইউপি সদস্য বরখাস্ত 

করিমগঞ্জে টিসিবির ডিলারকে মারধরের ঘটনায় মামলা, দুই ইউপি সদস্য বরখাস্ত 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ডিলারকে মারধর করা,সরকারি কাজে বাধা দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত দুই ইউপি সদস্য হলেন, জাফরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও ৫ নং ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।মঙ্গলবার (৮ নভেম্বর) জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার (৭ নভেম্বর) কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
এরও আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে ৩১ অক্টোবর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।এ বিষয়ে জানা যায়, ১ আগস্ট বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ডিলার আব্দুল কুদ্দুস ও ট্যাগ অফিসার খায়রুল ইসলামকে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য মো. মতিউর রহমান ও মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে।
পরে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হামজা বাদী হয়ে ৩ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা করেন।তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।এ পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।পাশাপাশি কেন তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!