হোম » অপরাধ-দুর্নীতি » শেরপুর ঝিনাইগাতীতে আবারও অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

শেরপুর ঝিনাইগাতীতে আবারও অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে এক সপ্তাহের ব্যবধানে শাহ আলম (৩৫) নামে আরও এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

৮ অক্টোবর রবিবার সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া এলাকার কুরুয়া বাজারগামী পাকা রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালেকান্দা গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শাহ আলমকে শ্বাসরোধ করে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। এর আগে গত ২ অক্টোবর ঝিনাইগাতীর রাংটিয়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আরব আলী নামে এক অটোরিক্সাচালককে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর শনিবার রাতে শাহ আলম তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। তবে রাত গড়িয়ে গেলেও শাহ আলম বাড়ি ফিরে আসেনি। পরে তার আত্মীয়স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পায়নি। এদিকে রবিবার সকালে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া এলাকার একটি ধানক্ষেতের পানিতে একটি লাশ ডুবে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওইসময় লাশের গলায় রশি দিয়ে পেঁচানো ছিল। পরে পরিবারের লোকজন লাশটি শাহ আলমের বলে শনাক্ত করে। খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামসহ গোয়েন্দা বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, গত সপ্তাহে লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এছাড়া ইজিবাইক চালকদের সতর্কতার সাথে রাতে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিচিত কেউ যাত্রীবেশে উঠলে তাদের ছবি তুলে রাখাসহ নিজেদের নিরাপদ রাখতে করণীয় বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা আরব আলী নামে এক অটোরিক্সা চালককে খুন করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত হত্যাকারী ও অটো কেনাবেচা চক্রের ৭ জনকে গ্রেফতার করে পুলিশ সেইসাথে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিক্সা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!