
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের ৫১০ গ্রাম হেরোইনসহ মো. শামীম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। ২ অক্টোবর সোমবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শামীম নওগাঁর পোরশা উপজেলার খরপা বাজার এলাকার মো. ফিরোজ আলীর ছেলে। মঙ্গলবার সকালে র্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শেরপুর-জামালপুর সড়কের নন্দীরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। ওইসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে মো. শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ টাকা।
র্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃত শামীম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২