
আওয়াজ অনলাইন: আসছে নববর্ষকে ঘিরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে রমনার বটমূলে বিশেষ মহড়া করেছে ডিএমপি ও র্যাব।
রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানালেন মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
র্যাব মহাপরিচালক বলেন, এসব বিষয়ে গুরুত্ব দিয়ে আমলে নেওয়া হচ্ছে না। যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, সিভিল টিম রয়েছে, তাই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
র্যাব মহাপরিচালক বলেন, আজ থেকে নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারাদেশে র্যাবের সব ব্যাটালিয়ান মোতায়েন থাকবে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত চেকপোস্ট টহল, অবজারভেশন পোস্ট স্থাপন করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বোম্ব ডিসপোজাল ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হবে।
তিনি বলেন, সাইবার মনিটরিংসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনও ধরনের জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিদের যেকোনও ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে। যেকোনও ধরনের গুজব, মিথ্যা তথ্য প্রতিরোধে সাইবার টিম সক্রিয় রয়েছে।
তিনি জানান বটমূল এলাকায় ইভটিজিং বন্ধে বিশেষ মোবাইল কোর্ট কাজ করবে।
এদিকে ডিএমপির কমিশনার জানিয়েছেন, পহেলা বৈশাখ উপলক্ষে রমনা এলাকায় ২৭০০ পুলিশ মোতায়েন করা হবে, এছাড়া থাকবে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
অংশগ্রহণকারিদের ব্যাগ বহন না করার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার জানান, লোক সমাগম বেশি হলে আশেপাশের রাস্তায় ডাইভারশন দেয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক