হোম » অপরাধ-দুর্নীতি » শ্রমিক নিহত হওয়ার ‘গুজবে’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ

শ্রমিক নিহত হওয়ার ‘গুজবে’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ

মাহবুব চৌধুরী, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের ছয়দানা এলাকায় বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার ‘গুজবে’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে খাবারের বিরতি শেষে কারখানায় ফিরছিলেন স্থানীয় আলিফ ক্যাজুয়াল ওয়ার লিমিটেডের ইলেক্ট্রিশিয়ান মনির হোসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে ‘গুজব’ ছড়ায় মনির মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা সৌখিন পরিবহনের একটি বাসে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের বেশির ভাগই পুড়ে যায়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-কমিশনার জাকির হাসান জানান, পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!