হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার শেরপুরের মির্জাপুরে দিনেদুপুরে ধর্ষণ; নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা, অভিযুক্ত ধর্ষক আটক

বগুড়ার শেরপুরের মির্জাপুরে দিনেদুপুরে ধর্ষণ; নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা, অভিযুক্ত ধর্ষক আটক

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শেরপুর উপজেলায় দিনেদুপুরে ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়   শুক্রবার (৬ আগস্ট) সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন, যার নম্বর-০৫।

পরে মামলায় অভিযুক্ত মজনু প্রামাণিক (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের রাশেদ প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলার একই ইউনিয়নের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের ভুক্তভোগী গৃহবধূ ঘরের মধ্যে শুয়ে ছিলেন। তখন সময় দুপুর ১২টার মতো। এ সময় পাশের গ্রামের মজনু প্রামাণিক ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। ঘরের মধ্যে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মজনু প্রামাণিক কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিকেও বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!