হোম » অপরাধ-দুর্নীতি » উল্লাপাড়ায় ৩ সন্তানের জননীকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের

উল্লাপাড়ায় ৩ সন্তানের জননীকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ সন্তানের জননীকে মারপিট করে হত্যার পর মুখে বিষ দিয়ে আত্বহত্যা বলে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধুর পরিবার তার স্বামী সহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছে।  চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে।

মামলা সুত্রে জানা যায়,উপজেলার চয়ড়া গ্রামের মৃত গোলবার আকন্দের মেয়ে আকলিমা খাতুনের প্রায় দুই যুগ আগে একই ইউনিয়নের গাড়েশ্বর গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র ইউনুস আলী (৫০) সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম হয়। আকলিমার স্বামী ইউনুস আলী ঘরে স্ত্রী ও তিন সন্তান রেখে পরকীয়া সম্পর্ককে জড়িয়ে পড়ে। নিজ বাড়িতে সে বন্ধুদের সাথে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হতে থাকে। গ্রামবাসীদের হাতে ইতিপূর্বে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক হয়ে অর্থদন্ড দিয়ে ছাড়া পায় সে। এই অবৈধ সম্পর্ক কে বাধা দিলে প্রায়ই স্ত্রীকে বেদম মারপিট করতো ইউনুস আলী ও তার স্বজনরা।

গত ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে আকলিমার স্বামী নিজ ঘরে বন্ধু আক্বাস আলীর সাথে ধুমপান ও তাস খেলা শুরু করে । এ সময় সে তার স্বামীকে বাধা দিলে তাকে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে আকলিমা। পরে আকলিমার স্বামী ইউনুস আলী শেখ তার বন্ধু ও স্বজনদের সহায়তায় তার মুখে গ্যাস ট্যাবলেট দিয়ে হত্যা নিশ্চিত করে। আকলিমার হত্যাকে আত্বহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে তার স্বামী ও স্বজনরা তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে আকলিমার লাশ বাড়িতে এনে বাবার বাড়ির লোকজনকে খবর দেয়া হয়।  পরদিন আকলিমার শোকাহত ভাই লোকমান আকন্দকে ডেকে এনে তার বোন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্বহত্যা করেছে বলে থানায় অভিযোগ করিয়ে লাশ দাফন করে। আকলিমার পরিবার এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলে মামলা নেয়নি পুলিশ। থানা পুলিশকে ম্যানেজ করে পুরো ঘটনাটি ধামাচাপা দেয় আকলিমার স্বামী স্বজনরা।

আকলিমার বড় ভাই আব্দুর রশিদ অভিযোগ করেন,তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্বহত্যার নাটক সাজানো হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করার চেষ্টা করা হলেও তা নেয়া হয়নি। থানা পুলিশকে ম্যানেজ করে আমার বোনের হত্যাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা আদালতে মামলা করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

বোনকে পরিকল্পিত ভাবে নির্যাতন ও গ্যাস ট্যাবলেট দিয়ে হত্যার অভিযোগ এনে তার ভাই লুৎফর রহমান ১০ অক্টোবর সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হচ্ছে-আকলিমার স্বামী মোঃ ইউনুস আলী শেখ (৫০),তারবন্ধু গাড়েশ্বর গ্রামের সাদেক আলীর পুত্র মোঃ আক্কাস আলী (৫৫) ফজেল ফকিরের পুত্র মোঃ কুদ্দুস ফকির (৫৪) আকলিমার শাশুড়ি মোছাঃ ভানু খাতুন (৬০)  রমজান মন্ডলের পুত্র মোঃ সায়দার মন্ডল আদালত মামলাটি তদন্তের জন্য উল্লাপাড়া মডেল থানায় পাঠিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান,মামলাটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!