হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন

জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন

রবিউল হাসান লায়ন:  জামালপুরে দাম্পত্য কলহের জেরে এক আইনজীবীর হাতে তার স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী এডভোকেট হোসেন তাইফুর (৪২) কে আটক করে পুলিশ। তাইফুর সদর উপজেলার নারিকেলী গ্রামের মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে। তারা দীর্ঘদিন থেকে শহরের দড়িপাড়া এলাকায় বসবাস করছেন।

স্থানীয়রা জানান, এডভোকেট তাইফুর প্রায় ১৫ বছর আগে জামালপুর পৌর শহরের মুকুন্দবাড়ী এলাকার মো. আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়া (৩৬) কে বিয়ে করেন। তাদের সংসারে তাশরিক (১২) ও তাহা (১০) নামে দুইটি পুত্র- কণ্যা রয়েছে।

তারা জানান, মাঝে মাঝেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। ঘটনার দিন রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী তাহমিনা আক্তারের চিৎকার শোনা যায় এবং ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় স্থানীয়রা বাইরে থেকে ঘরের জানলা ভেঙ্গে তাহমিনাকে খাটের উপর পড়ে থাকতে দেখে। ঘটনার বেগতিক দেখে পুলিশে খরব দিলে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং আলাদা কক্ষ থেকে ঘাতক স্বামী এডভোকেট তাইফুরকে আটক করতে সক্ষম হয়। পরে নিহত তাহমিনাকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মধ্য রাতে আমরা খবর পাই শহরের দড়িপাড়া এলাকায় তাহমিনা আক্তার তানিয়া নামে এক গৃহবধূকে তার স্বামী মেরে বাসায় আগুন জালিয়ে দিয়েছে। এরপর সদর থানা পুলিশ ও ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাহমিনার মরদেহ উদ্ধার করে। একইসাথে ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী এডভোকেট তাইফুরকে আটক করা হয়। মরদেহের সুরতহাল করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!