
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই কিশোরকে ৫ দিন পর ছেড়ে দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা মুক্তিপণের ২ লাখ টাকা পরিশোধের পর রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ২ জনকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।
অপহৃত ২ কিশোর বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার জাগির হোসেনের ছেলে আবদুর রহমান (১৭) ও নোয়াখালী পাড়ার আলী হোসেনের ছেলে জোবাইর হোসেন (১৬)। দুই জনই একটি ফার্ণিচারের দোকানের কর্মচারি।
বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, গত ২ জানুয়ারি মঙ্গলবার দিনগত রাত দেড় টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার একটি ফার্ণিচারের দোকান থেকে এই দুই কিশোরকে অপহরণ করা হয়। সকালে কিশোরের পরিবারে ফোন করে দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ। এরপর থেকে দফায় দফায় যোগাযোগের মাধ্যমে পরিবারের সদস্যরা ২ লাখ টাকা পৌঁছানোর পর রবিবার সন্ধ্যায় এদের ছেড়ে দেয়া হয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে পরিবারের পক্ষে কেউ লিখিতভাবে জানাননি। এলাকার লোকজনের কাছে জানা গেছে ২ কিশোর ফিরেছে। তবে মুক্তিপণ প্রদানের বিষয়টি জানেন না তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক