
মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারে নামলেন পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী এবং দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে এ জিয়ারত করেন তিনি।
পরে ভোটারদের কাছে ‘লাঙ্গল মার্কার’ ভোট চেয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে পটুয়াখালী-১ আসনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করবো। আশা করি এই কাজগুলো করার জন্য আপনারা আমাকে শেষ বারের মতো আর একবার সুযোগ করে দিবেন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনে মোট ৬ জন প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি