
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীআংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের পিটিয়ে মেরে ফেলার হুমকি দিলেন নৌকার সমর্থক ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সৌরাভ হোসেন সুমন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে বসন্তপুরে নৌকার সমর্থনে মতবিনিময় সভায় ছাতারপাইয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সৌরাভ হোসেন সুমন তার বক্তব্য এ হুমকি দেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বর্তমান সংসদ সদস্য ও আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী মোরশেদ আলমের অনুসারী সৌরাভ হোসেন সুমন তার বক্তব্যে অশালীন ভাষায় গালি দিয়ে বলেন, “এটা কী রকম আ.লীগ আমার মাথায় ধরে না। যারা বলবে আমি আ.লীগের দলের লোক স্বতন্ত্র ভোট করি আপনারা নৌকায় ভোট দিয়েন না অন্য মার্কার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন তাদের ধরে পিটিয়ে ফেলা দরকার।”
তার এমন বক্তব্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আ.লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে পছন্দের প্রার্থী বেচে নিতে দলের বঞ্চিত নেতাকর্মীদের জন্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমরা প্রকাশ্যে পছন্দের প্রার্থীর ভোট করতে পারছি না। নিয়মিত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে আ.লীগ নেতারা। এবং আমাদের পাদ পদবী থেকে বঞ্চিত করে নিষিদ্ধের হুমকিও দিচ্ছে। এতে করে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করতে পারছি না আমরা।
অন্যদিকে সচেতন নাগরিক সমাজ বলছে, আ.লীগ নেতাদের এমন অশালীন হুমকি নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে চ্যালেঞ্জ তৈরি করে।
এমন বক্তব্যের বিষয়ে সৌরাভ হোসেন সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি ঘরোয়া অনুষ্ঠানে পারিবারিক লোকদের সাথে নৌকার মানুষ নৌকার বাহিরে যেতে পারে না মর্মে এমন বক্তব্য দিয়েছি। কোনো সভা অথবা বড় অনুষ্ঠানে বলি নাই। যারা আওয়ামী লীগ করে তারাই আওয়ামী লীগ পরিচয় দিবে। অনেকে আওয়ামী লীগ করে কিন্তু ভোট করতেসে স্বতন্ত্রের। তাদের বিষয়ে এসব কথা বলেছি।”

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ