
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে বৈদ্যুতিক তারের ওপর থেকে ছিটকে পড়ে বেলাল হোসেন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত বেলাল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ও শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেনের বাড়ির পাশ দিয়ে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানির নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ারে তার ঝুলানোর কাজ চলছিলো। ঘটনার দিন গত মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে শিশু বেলাল হোসেন সহপাঠিদের নিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের ওপর বসে খেলা করছিল। এ সময় দূর থেকে যন্ত্রের মাধ্যমে সেই তার টাওয়ারের সাথে ঝুলানোর জন্য টান দেয়। তখনই তারের ওপর থেকে ছিটকে পড়ে আহত হয় বেলাল হোসেন। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে বেলালের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা