হোম » সারাদেশ » উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে রোগীরা পায়নি বিশেষ খাবার

উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে রোগীরা পায়নি বিশেষ খাবার

রায়হান আলী : ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে সরকারি হাসপাতাল গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। প্রতিটি হাসপাতালে সকালে, দুপুরে এবং রাতে বিশেষ খাবার (ভালো মানের খাবার) দেবার কথা থাকলেও উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে সকালে এবং দুপুরে প্রতিদিনের যে খাবার দেওয়া হয় সেই খাবার পরিবেশন করেছে খাবারের ঠিকাদার।

উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায় ৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে সলিম উদ্দিন জানান সে ৩ দিন হলো এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সে সকালে প্রতিদিনের মতো রুটি কলা পেয়েছেন। বিশেষ কোন খাবার দেওয়া হয়নি।

হাসপাতালে ভর্তি হওয়া মহিলা রোগী রজুবা বেওয়া জানান রুটিন অনুযায়ী আজকে পোল্ট্রি মুরগীর মাংস,ডাউল দিয়েছে। বিশেষ কোন খাবার সকালেও পায়নি দুপুরেও পায়নি।

খাবার ঠিকাদারের বাবুর্চি আমেনা খাতুন জানান দুপুরে পোল্ট্রি মুরগী ও ডাউল দেওয়া হয়েছে, বিশেষ কোন খাবার রান্না করা হয়নি।

উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালের খাবারের ঠিকাদার মেসার্স আল মাহমুদ এন্টারপ্রাইজ এর খাবার পরিবেশনকারী মোঃ বিদ্যুৎ হোসেন জানান বিশেষ দিনে খাবারের জন্য চিঠি ইস্যু করা হয়। সেই চিঠি তাদের কে দেওয়া হয়নি। আর.এম.ও আল মামুন তাকে পৌনে ১ টার দিকে কল দিয়ে জানান বিশেষ খাবারের কথা কিন্তু সেসময় তো খাবার পরিবেশন করা সম্ভব নয়।

উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালের আ.এম.ও ডা. আল মামুন জানান সিভিল সার্জন থেকে রোগীদের বিশেষ খাবার দেওয়ার জন্য চিঠি পেয়েছিল কিন্তু কম্পিউটার অপারেটর ভুলক্রমে চিঠি দেয়নি এজন্য খাবারের ঠিকাদারকে বিশেষ খাবারের কথা জানানো হয়নি। আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ঠিকাদার কে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান আজ ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলায় সকল হাসপাতালে রোগীদের বিশেষ খাবার দেওয়ার কথা বলা হয়েছে, উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে বিশেষ খাবার না দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!