
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ভাইয়ের পালিত মুরগি অন্য ভাইয়ের উঠানে যাওয়া নিয়ে দুই পরিবারের ঝগড়া মারামারিতে গড়ায়। মারামারিতে বড় ভাই সাহাব উদ্দিনের লাঠির আঘাতে ছোট ভাই গিয়াস উদ্দিন মারা যান। এ ঘটনায় তার বড় ভাই ও দুই ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড করাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন একই এলাকার নাজেম উদ্দিনের ছেলে। আটকরা হলেন- বড় ভাই সাহাব উদ্দিন এবং তার দুই ছেলে মো. সাদ্দাম ও সাজ্জাদ মো. সাঈদী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে গিয়াস উদ্দিনের একটি মুরগি তার বড় ভাই সাহাব উদ্দিনের বসতঘরে প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন ওই মুরগিকে ধরে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে মারে। একপর্যায়ে মুরগিটিকে পুকুরে দেখতে পেয়ে গিয়াস উদ্দিন তার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে গিয়াস উদ্দিন তার কাজে চলে যায়।
সকাল ৮টার দিকে বড় ভাই সাহাব উদ্দিন, তার দুই ছেলে মো. সাদ্দম ও সাজ্জাদ মো. সাঈদী মিলে ছোট ভাই গিয়াস উদ্দিনকে ঘরে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বড় ভাই ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল