
শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে মাহেরা আহমেদ বিথী (২৭) নামের এক স্কুল শিক্ষিকা ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শেরপুর ব্রহ্মপুত্র সেতুর কাছাকাছি জায়গায় বিথি নদীতে ঝাঁপ দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়েও বিথীর খোঁজ পাননি।
আজ দুপুরে আবার তারা ওই স্থানে উদ্ধার কাজ শুরু করলে সেখানেই পানির নীচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মাহেরা আহমেদ বিথী জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে ও নান্দিনার জাহিদ আনোয়ার লিটনের (৩৫) স্ত্রী। তিনি জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পরিবারের লোকজন কি করবেন তা এখনো সিদ্ধান্ত নেননি।
স্কুল শিক্ষিকা বিথীর ছোট ভাই রোহান আহমেদ কান্নাজড়িত কন্ঠে বলেন, আপু দোকানে যাবে বলে নামাজের পর বাসা হতে বের হয়। পরে আমরা ফোনে খবর পাই, নদের পানিতে আপু ঝাঁপ দিয়েছে। নদের পাড়ে আপুর হাতব্যাগ, জুতা ও মোবাইল ফোন রেখে ঝাঁপ দেন বলে আমাদের এখানকার লোকজন বলেছে।
বিথীর প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে এমনটি হতে পারে।
ফায়ার সার্ভিস জামালপুরের স্পেশাল অফিসার রবিউল ইসলাম জানান, দুই দিনের চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২