
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌর এলাকার ২৯ নং নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের সম্মুখে একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে সর্বমোট ১০ টি মেহগনি গাছ রয়েছে এর মধ্যে বিদ্যালয়ের সম্মুখ থেকে একটি গাছ কেটে মাটিতে ফেলা হয়েছে এবং গাছটিকে খন্ড খন্ড করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কোন রকম টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের এসব সরকারি গাছ কাটা হচ্ছে। যে গাছটি কাটা হয়েছে তার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক সামিনা হাছান বলেন, বিদ্যালয়ে ওয়াশব্লক তৈরী করা হবে। তার জন্য গাছ কাটা হচ্ছে। এই গাছ কাটার বিষয়ে ঐদিন সকালে মিটিং করে রেজুলেশন করা হয়েছে এবং তারপর গাছ কাটা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যালয়ে সহকারী শিক্ষক মনিরুজ্জামান লিটন বলেন, বিদ্যালয় সংশ্লিষ্ট উর্দ্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশেই কাটা হয়েছে। এ গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহীর কার্যালয় থেকে শুরু করে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সকলেই অবগত রয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান বিদ্যুৎ সাংবাদিকদের জানান, যেদিন গাছ কাটা হয়েছে ঐ দিন সকালে আমরা ম্যানেজিং কমিটির সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করেছি এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে জানিয়েছি। পাশাপাশি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বলেছেন, ওয়াশব্লক নির্মাণ করতে হলে গাছটি কেটে ফেলতে হবে তাই আমরা গাছটি কেটেছি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাজেদুর রহমান জানান, আমি ওই বিদ্যালয়ের ওয়াশব্লক তৈরীর জন্য লে আউট দিয়ে এসেছি। সেখানে একটি মেহগনি গাছ ছিল। আমি কমিটির লোকজনকে বলেছি, ওয়াশব্লক তৈরী করতে হলে মেহগনি গাছটি কাটতে হবে। যদি বিদ্যালয়ের গাছ কাটার প্রয়োজন হয় তবে তারা যথাযথ নিয়ম মেনে কাটবে। তাদেরকে গাছ কাটার অনুমতি তো আমি দিতে পারি না।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি ততটা অবগত নই। এমনকি গাছ কত বড় সে বিষয়েও আমি জানি না। আমি শুনেছিলাম ওয়াসব্লক তৈরী করতে হলে একটি ছোট গাছ কেটে ফেলতে হবে। তবে কাজের সুবিধার্থে সরকারি গাছ কেটে সংরক্ষণ করে পরবর্তীতে নিলাম করা যায়।
এদিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বরকত উল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২