
রবিউল হাসান লায়ন : জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়নে গুরুত্ব দিয়েছেন। তিনি নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করছেন। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এ খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।
বৃহস্পতিবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে জামালপুর সদর উপজেলার নরুন্দিতে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও নরুন্দি স্কুল এন্ড কলেজের ৩ টি একাডেমিক ভবণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছেন। তথ্য প্রযুক্তির ছোঁয়া শুধুমাত্র বাঙ্গালীর প্রাত্যহিক জীবনে নয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও ছড়িয়ে দিয়েছেন ব্যাপক ভাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মালটিমিডিয়া ক্লাসরুমসহ ডিজিটাল ল্যাব চালু করা হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকার তার শাসনকালে দেশের প্রায় শতভাগ শিশুকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার সাফল্য দেখিয়েছে।
এমপি বলেন, বর্তমানে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করছে আওয়ামীলীগ সরকার। যাতে প্রমান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাসহ দেশের বিভিন্নখাতের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্বের কাছে স্বীকৃত।
নরুন্দি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শামছুল আলম বাবুল এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
নরুন্দি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সদস্য এম খলিলুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক মাস্টার, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টু প্রমুখ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি