হোম » সারাদেশ » আলফাডাঙ্গার হেলেঞ্চাহাটি কটুরাকান্দি বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

আলফাডাঙ্গার হেলেঞ্চাহাটি কটুরাকান্দি বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটি কটুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। 
বুধবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৩ জন ভোটারের মধ্যে ২১৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। ১১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. জাকির হোসেন, ১১২ ভোট পেয়ে দ্বিতীয় মো. ইব্রাহিম শেখ, ১০৩ ভোট পেয়ে তৃতীয় মো. নবাব খান ও ১০২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. মনিরুল ইসলাম নান্নু।
অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিল্পী বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনা বেগম ৮৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে বুড়াইচ ইউপি সদস্য মাহমুদ ফাইজুল্লাহ্ রানা’র সমর্থিত একটি প্যানেল ও সাবেক ইউপি সদস্য তারিকুল ইসলাম সমর্থিত অপর একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভক্ত হয়। পরে নির্বাচনের ফলাফলে বর্তমান ইউপি সদস্য মাহমুদ ফাইজুল্লাহ্ রানা’র সমর্থিত পাঁচ প্রার্থীর চারজন প্রার্থীই বিজয়ী হয়েছেন। সাবেক ইউপি সদস্য তারিকুল ইসলামের প্যানেলের একমাত্র মো. নবাব খান বিজয়ী হয়েছেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নিয়োজিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!