
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : খেলছিলেন দুই শিশু, পরে মায়ের পিছু নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে সিয়াম (৭) ও হুরায়রা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার সলঙ্গা থানা এলাকার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আলোকদিয়া গ্রামের আবু শামীমের ছেলে সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, দুপুরে সিয়াম ও হুরায়রা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একটু পরে সিয়ামের মা নাসিমা গরু নিয়ে মাঠে যান। মায়ের পিছু নিয়ে ওই দুই শিশুও মাঠে চলে যায়। পরে গরুটি গাছের সঙ্গে বেঁধে ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। তখন শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।
বাড়িতে না এসে পাশের ডোবায় খেলতে নেমে গভীর পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে সন্ধ্যায় তাদের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠলে পথচারীরা স্বজনদের খবর দেয়। এরপর ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলা করছিলেন ওই দুই শিশু। পরে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় মায়ের পিছু নিয়ে বাড়ির পাশে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি