হোম » সারাদেশ » ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

আওয়াজ অনলাইন: এখন আর কেবল পরিষ্কার পানিতে নয়, ময়লা আবর্জনাসহ লোনা পানিতেও জন্মাচ্ছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। কারণ পাল্টে গেছে মশাদের জীবন চক্র। আর এ কারণেই এবার ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

গেল কয়েক বছরের তুলনায় এবার আরও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালে রোগী বেড়েছে তিনগুণ।

চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গু আক্রান্তের মধ্যে শিশুদের হার তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয়বার আক্রান্ত রোগীদের জটিলতাও বাড়ছে।

গেল বছর জুন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো হাজারের উপরে। এবার সব রেকর্ড ভেঙ্গে জুন শেষ না হতেই রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার আটশ।

মুগদা হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় তিনশর মত। জুনের ১৮ দিনে প্রায় সাড়ে ৯০০ রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। মে মাসে এই সংখ্যাটা ছিলো তিনশর ঘরে।

সেই হিসাবে তিনগুণ বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। রেকর্ড ভেঙেছে মৃত্যুর হিসাবও। গত বছর জুন পর্যন্ত মৃত্যু ছিলো মাত্র একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চার হাজার ৯০৮ জন। আর মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এখনই হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে রোগীদের উপচে পড়া ভিড়। মুগদায় ডেঙ্গু রোগীদের জন্যই করতে হয়েছে তিনটি ইউনিট। এখানে আক্রান্তদের মধ্যে আবার শিশুদের সংখ্যাই বেশি।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, এবার দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর সংখ্যাটাই বেশি। বেশিরভাগ রোগী নানা সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন। রোগীদের রক্তচাপ কমে যাচ্ছে। ডায়রিয়া নিয়েও ভর্তি হচ্ছেন অনেকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, গবেষণায় দেখা গেছে, এখনকার এডিস মশারা ময়লা পানি এমনকি সমুদ্রের লোনা পানিতেও জীবন ধারণ করতে পারে। এখানেই শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।

তিনি বলেন, এই মুহূর্তে এ ব্যাপারে মাঠ পর্যায়ের কোনো রেকর্ড তাদের কাছে নেই। তবে ঢাকা শহরে নোংরা পানিতে বা নর্দমায় এডিস মশার বংশবিস্তার হচ্ছে কিনা তা তারা জরিপ করে দেখবেন।

কোরবানির ঈদে বিভিন্ন জেলা থেকে গরুর ট্রাক ঢুকবে রাজধানীতে। অনেকেই ছুটিতে বাড়ি যাবেন। তাই ডেঙ্গু এবার সারাদেশেই ভয়াবহ রূপ নিয়ে হাজির হতে পারে বলে আশঙ্কা চিকিৎসক ও গবেষকদের।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!