হোম » সারাদেশ » নান্দিনায় দোকান কর্মচারী শাওন  হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

নান্দিনায় দোকান কর্মচারী শাওন  হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

রবিউল হাসান লায়ন: জামালপুরের নান্দিনায় দোকান কর্মচারী শাওন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী শহীদ মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের জোকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শহীদ মিয়া উপজেলার নান্দিনা এলাকার মুক্তার হোসেনের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শাওন হত্যা মামলার প্রধান আসামী শহীদ মিয়াকে শুক্রবার রাতে ঘোড়াধাপ ইউনিয়নের জোকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ মিয়া হত্যার দায় স্বীকার করেছে এবং তার জবানবন্দি অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শহীদ মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।  জানা যায়, পারিবারিক কলহের জের ধরে চলতি মাসের ৪ তারিখ বিকেলে নান্দিনা এলাকার গোলাম মোস্তফার ছেলে শাওন (১৮) কে ধারালো চাকু দিয়ে অতর্কিতভাবে হামলা করে শহীদ মিয়া।
গুরুতর আহতাবস্থায় শাওনকে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে  মারা যায় সে। এ ঘটনায় পরদিন ৫ জুন নিহতের বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শহীদ মিয়া পলাতক ছিল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!