হোম » সারাদেশ » জামালপুরে ট্রেন অবরোধ করে  স্থানীয়দের বিক্ষোভ

জামালপুরে ট্রেন অবরোধ করে  স্থানীয়দের বিক্ষোভ

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে ঐতিহ্যপূর্ণ কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন। ১৮৯৯ সালে এই রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয়। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে হঠাৎ করে রেলওয়ে স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে সমস্যার শিকার হয়েছেন এলাকার সাধারণ মানুষ। এই এলাকার জনগণের দাবী থাকা স্বত্বেও বন্ধ থাকা কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালু করার উদ্যোগ গ্রহণ করেনি যথাযথ কর্তৃপক্ষ।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকালে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনে কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন কেন্দুয়া ইউনিয়সহ আশেপাশের আরও বেশ কয়েকটি ইউনিয়নের জনগন। সকলের দাবি অবিলম্বে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুসহ আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, বিএনপি নেতা রুহুল আমিন মিলন, আওয়ামী লীগ নেতা ফখরুল আলম লিটু, আরিফুর রহমান আরিফ প্রমূখ।  এসময় বক্তারা বলেন, কেন্দুয়া রেলওয়ে স্টেশনটি পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এই স্টেশনটি চালুর জন্য বারবার দাবী জানানো হলেও এই দাবীর কোন অগ্রগতি হয়নি।
পরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন।  এসময় সংসদ সদস্য বলেন, মানববন্ধনের কথা শুনে তিনি ইতিমধ্যে রেলওয়ে বিভাগের ডিজি’র সাথে কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যেই এই এলাকার সাধারণ মানুষের যৌক্তিক দাবী বাস্তবায়ন করা হবে। কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন থাকবে এবং স্টেশনে টিকিট বিক্রিসহ যাত্রীরা এইখান থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন।
জানা যায়, জামালপুর টু তারাকান্দি রেল সড়কের গুরুত্বপূর্ণ অঞ্চলে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন অবস্থিত। জামালপুর-তারাকান্দি রোডে দূরত্বের দিক থেকে জামালপুর জংশন এর পরেই অবস্থান কেন্দুয়া রেলওয়ে স্টেশনের । এই স্টেশন থেকে ৩৭ ও ৭৫ নং মেইল ট্রেন, ২৫৩ নং লোকাল ট্রেনে যাত্রীরা যাতায়াত করেছেন নিয়মিত। সেই সাথে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হতো এই স্টেশনটিতে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!