
মোঃ হাবিবুর রহমানঃ স্বাধীনতার মাসে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। তারই অংশ হিসেবে ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়। বিভিন্ন খেলাধুলার সমন্বয়ে সাজানো এ আয়োজন সপ্তাহব্যাপী চলমান থেকে আজ চূড়ান্ত পর্বের খেলা এবং পুরস্কার বিতরনীর মাধ্যমে পর্দা নামে ইকোন ফেস্ট-২০২৩ এর। এ বছরের খেলাটি বিভাগের প্রথম চেয়ারম্যান আরিফুল ইসলামের নামে উৎসর্গ করা হয়।
ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইকোন স্পোর্টসের মডারেটর বিজন কুমারের হেটারোডক্স কিংস এবং বিভাগের শিক্ষক নজরুল ইসলাম এর নিওক্ল্যাসিক্যাল ফাইটার্স অংশগ্রহন করে। রবিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠের রবি প্রাঙ্গনে চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের খেলা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় তিনি বলেন, শিক্ষার সাথে আনন্দ, সংস্কৃতি এবং ক্রীড়াকে সংযুক্ত করতে চাই। সব মিলিয়ে একটি আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে শিক্ষাদান করতে চাই। আমাদের কর্মক্ষম, উৎফুল্ল, চিত্য প্রফুল্ল, শারীরিক, মানসিক সুস্থ থাকতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। অর্থনীতির এ আয়েজনের মধ্যদিয়ে স্থানীয়রা এখন ভাবতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় নির্মাণ এখানেই হচ্ছে। এছাড়াও তিনি মার্চ মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, মার্চ মাস আমাদের আনন্দের, গৌরবের। এই মাসের ৭ তারিখে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা এবং ২০ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। সবমিলিয়ে মার্চ আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ মাস।
খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিওক্ল্যাসিক্যাল ফাইটার্স। টুর্ণামেন্টের নির্ধারিত ১০ ওভারে ৭২ রান করে। প্রতিপক্ষের দেওয়া ৭৩ রানের জবাবে হেটারোডক্স কিংস নির্ধারিত ১০ ওভারে ৭২ রান করে। ম্যাচটি ড্র হওয়ার কারনে উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। টুর্ণামেন্টে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় নিওক্ল্যাসিক্যাল ফাইটার্সের দলীয় অধিনায়ক মোঃ আশরাফুল আলম। সর্ব্বোচ্চ উইকেট শিকারী ম্যানেটারিস্ট ডাইনামাইটসের খেলোয়াড় ইস্কান্দার মির্জা এবং সর্ব্বোচ্চ রান সংগ্রহ করে কেনসিয়ান ওয়ারিওয়ার্সের সৈয়দ মোঃ ইমরান। খেলার শেষে সকল ইভেন্টের পুরস্কার বিতরন এবং আতশবাজি ও ফানুস উড়ানো হয়।
চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৩ এর স্পন্সর হিসেবে ছিলেন বিকে স্কুল অব রিচার্স, সাহা মিষ্টান্ন ভান্ডার, শিল্পীবাড়ি ডিজিটাল সাইন এন্ড অফসেট প্রেস এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ, আমাদের সময়.কম এবং দৈনিক আলোকিত ভোর।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে গত ৪মার্চ শিল্পনগরী গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, ওয়েল ফুড এন্ড বেফারেজ কোম্পানী লিমিটেড এবং কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে শিক্ষাসফর করা হয়।গত ৬মার্চ বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৩ এর সকল ইভেন্টের জার্সি উন্মোচন করা হয় এবং ৭মার্চ ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ