
কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় ঘাতক স্বামী দেলোয়ার হোসেন মাহতাব (৪২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি দেলোয়ার হোসেন মাহতাব করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চান্দপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।
অন্যদিকে নিহতের নাম প্রজ্ঞা মোস্তফা (২৬) জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়ে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২১ মার্চ হত্যাকাণ্ডের ঘটনার তিন মাস আগে তাদের একটি কন্যাসন্তান জন্মলাভ করে। ঘটনার মাসখানেক আগে স্ত্রী প্রজ্ঞা মোস্তফার কাছে দেলোয়ার হোসেন মাহতাব ব্যবসা করার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করেন এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী মাহতাব স্ত্রী প্রজ্ঞার উপর অত্যাচার-নির্যাতন শুরু করেন।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এ পরিস্থিতিতে ২০১৯ সালের ২১ মার্চ সকালে যৌতুকের টাকার জন্য স্ত্রী প্রজ্ঞার সঙ্গে মাহতাবের কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মাহতাব ক্ষিপ্ত হয়ে প্রজ্ঞাকে ঘরের মধ্যে ফেলে ছোরা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই প্রজ্ঞা মারা গেলে তার লাশ ফেলে রেখে মাহতাব পালিয়ে যান। এ ঘটনায় নিহত প্রজ্ঞা মোস্তফার পিতা আহসান মোস্তফা বাদী হয়ে ঘটনার দিনই করিমগঞ্জ থানায় দেলোয়ার হোসেন মাহতাবকে আসামি করে মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযান চালিয়ে ঘাতক দেলোয়ার হোসেন মাহতাবকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে দেলোয়ার হোসেন মাহতাবকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।আসামি পক্ষে এডভোকেট মিয়া মো. ফেরদৌস এবং রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এডভোকেট এম এ আফজল এই চাঞ্চল্যকর হত্যা মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন