হোম » সারাদেশ » উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রায়হান আলী: আজ বুধবার সকালে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুর গ্রামের পাশে সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে অন্তর হলদার (৩০) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩ অটোরিকশা যাত্রী। অন্তর উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে। 
নিহত অন্তরের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে অন্তর আরও ৪ জন যাত্রীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন।
পথে রহিমপুর গ্রামের পাশে অটোরিকশার পিছন থেকে একটি নসিমন ধাক্কা দিলে চালকের পাশে বসা অন্তর হলদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আহত হন আরও ৩ যাত্রী। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এক বছর আগে অন্তরের বাবা অনিল হলদারও একইভাবে মাছ নিয়ে অটোরিকশায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা যান বলে জানান পরিবারের লোকজন।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্তরের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!