
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক হারাণ মিত্রের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কার্যকরী সদস্য কবীর হোসেন, সদস্য সৈয়দ আমিনুর রহমান, গোলাম আজম মনির, কামরুল হক ভুইঁয়া, আজিজুর রহমান দুলাল প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিক হারাণ মিত্রের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করে বলেন, তার সততা, আন্তরিকতা ও স্পষ্টভাষিতার জন্য সবার কাছে ছিলেন সমাদৃত। হারাণ মিত্র সাংবাদিকতায় ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর সাংবাদিক হারাণ মিত্রের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
সাংবাদিক হারাণ মিত্র গত ২০১৯ সালের ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০মিনিটের দিকে রাজধানীর মিরপুরের আল হেলাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনি রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। সে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের সুভাষ মিত্র ও সন্ধ্যা রানী মিত্রের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, বাবা-মা, স্ত্রী, বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ