
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীর একটি ক্যানেলে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনতা। সোমবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন, পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের শিশু সন্তান আরাফাত।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, শিল্পপার্ক থেকে উত্তর দিকে মোহনপুর গ্রামে যাবার পথে যমুনা নদীর একটি ক্যানেলে রয়েছে। বর্ষা মৌসুমে নৌকাযোগে ওই ক্যানেলটি পার হতে হয়। সোমবার রাতে খোকন শেখ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পূর্ব মোহনপুরে যবার পথে নৌকাযোগে ক্যানেলটি পার হচ্ছিলেন। এ সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আরাফাত ডুবে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। তিনজনকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করলেও আশংকাজনক অবস্থায় খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২